ধানের শীষে ভোট দেওয়ায় জিয়া সৈনিক দলের সভাপতি চান মিয়া মাতুব্বরের ওপর হামলা
আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জিয়া সৈনিক দলের সভাপতি চান মিয়া মাতুব্বরের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান মিয়া মাতুব্বর সম্প্রতি জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে ২০–৩০ জনের একটি দল তার ওপর এলোপাথাড়ি কোপ ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসীর দাবি, পূর্ব পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এ হামলা চালানো হয়েছে। হামলার পর আহত চান মিয়া মাতুব্বরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
গুনবহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মতামত