গাইবান্ধা-৫ আসনে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ: বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের সাথে নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের দেখা
মোঃ আশরাফুল ইসলাম
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব ফারুক আলম সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা ফারুক আলম সরকারের খোঁজখবর নিতে তার বাসভবনে যান নবনির্বাচিত এমপি আব্দুল ওয়ারেছ। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।
সাক্ষাৎকালে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বিষয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য। মতপার্থক্য থাকলেও মানবিক সম্পর্ক অটুট থাকা উচিত। ফারুক আলম সরকার সাহেবের দ্রুত সুস্থতা কামনা করছি।”
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার সৌজন্য সাক্ষাতের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সচেতন মহল। তারা মনে করছেন, এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং গাইবান্ধা-৫ আসনের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
মতামত