কিশোরগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জেলার বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সকল সংশ্লিষ্ট পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলোচনায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামো উন্নয়ন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বাজার তদারকি বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতামত