টেকনাফে রোহিঙ্গা সংকট এলাকায় গোলাগুলি বেড়ে উদ্বেগ।
সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা সংকটপূর্ণ এলাকায় দিন দিন গোলাগুলির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। প্রতিনিয়ত সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতায় সাধারণ জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে টেকনাফের সাধারণ মানুষ মারাত্মক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। এতে হতাহতের পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় আতঙ্ক আরও বেড়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করেন, প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করলেও অনেক সময় সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
সাধারণ জনগণ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, অবিলম্বে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে টেকনাফে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে।
মতামত