ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আর্কাইভ দেখুন

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, অ্যাডভোকেট আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটু, মুহম্মদ মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আফরোজা আব্বাস, সুলতানা আহম্মাদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, তকদির হোসেন মো. জসিম, আব্দুল লতিফ জনি, মো. আব্দুল মতিন, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মোনায়েম মুন্না, মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজীব আহসান, হেলাল খান, নুরুল ইসলাম খান নাসিম, ইশতিয়াক আজিজ উলফাত, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, নুরুল ইসলাম নয়ন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, হাসানুজ্জামিল শাহীন, রবিউল আউয়াল লাভলু, মো. মাহমুদুল হক সানু, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, রাকিবুল ইসলাম রাকিব, নাছির উদ্দিন নাছির।


কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা

ডিসেম্বরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবেই দেখছে সরকার। সামনে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ও প্রশাসন। পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। এছাড়া, সারা দেশে নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে  নির্দেশ দিয়েছে প্রশাসন। সংরক্ষিত নারী আসনের সদস্যসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরাও নিজ এলাকায় থেকে নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থানে থাকবেন। গত ৯ নভেম্বর শুরু হওয়া সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষ হওয়ার পর দলীয় এমপিদের সবাইকে নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৯ নভেম্বর অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে সংসদনেতা তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকবো। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বিএনপিপ্রধান এ-ও বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকবো। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’ মহান বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বিশাল র‌্যালিকে ‘বার্তা’ হিসেবে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ইত্তেফাককে বলেন, ‘যদিও প্রতি বছরই আমরা এ ধরনের র‌্যালি করে থাকি তারপরেও বলবো চলমান প্রেক্ষাপটে এ ধরনের বিশাল র‌্যালি অবশ্যই একটি বার্তা। বিএনপি রাজপথে ছিল, আছে, থাকবে। অতীতের মতো সামনের দিনগুলোতে জনগণকে নিয়ে যে কোনো ধরনের নৈরাজ্য রুখে দেবে বিএনপি।’ দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে জননিরপত্তা নিশ্চিতে ও নাশকতা প্রতিরোধে ইতিমধ্যেই ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি এবং যুবদল ও ছাত্রদলসহ দলটির অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। ‘সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে’ গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।  যুবদলের এই বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে।’ গতকাল বিকালে রাজধানীর ফার্মগেট হয়ে কাওরান বাজার এলাকায়ও যুবদল-ছাত্রদলকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কয়েক দিন ধরে নিয়মিতভাবে এ ধরনের বিক্ষোভ মিছিল করছেন। অন্যদিকে, নাশকতার সঙ্গে সম্পৃক্ত কিংবা সন্দেহভাজনদের ধরার ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নাশকতা ও অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিএনপির মিত্র দল-জোটগুলোও কর্মসূচি দিয়ে মাঠে নামছে। ‘১২ দলীয় জোট’ আজ রবিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে। আর ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ গতকাল ইত্তেফাককে জানান, ‘সন্ত্রাস, জ্বালাও-পোড়াওর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সামনের দিনগুলোতে বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।’ এদিকে, গত বুধবার সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না। তবে, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে, মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।’ ‘প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’—স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শুধু কথার কথা নয়। নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরতে দেশব্যাপী তৎপরতা বাড়িয়েছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ইতিমধ্যেই নাশকতার ঘটনা নিয়ে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জ উপমহাপরিদর্শকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। তিনি অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। বিশেষ করে, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় এবং শিল্পাঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরীহ কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ যেন না ওঠে—সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছেন আইজিপি।


বিএনপি–জামায়াত বিরোধ: কত দূর যাবে

বিএনপি–জামায়াত বিরোধ: কত দূর যাবে

নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এর পেছনে আদর্শিক বিরোধ, ভোটের প্রতিযোগিতা, ক্ষমতার হিসাব ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—সবই কাজ করছে।


দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা এবং পোশাক শ্রমিকদের টাকা পাঠানো; এসবের পেছনে কারা আছে, তা জনগণ বুঝে। শনিবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার দেশে ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ। জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে।  অনুষ্ঠানে উপস্থিত লোকজনের কাছে তিনি জানতে চান, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক বা স্বৈরাচার ফিরে আসুক—তারা তা চান কি না। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক উত্তর দেন। বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। মন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা ফিরে এলে জনগণ ক্ষমা করতে চাইবে কি না, সেটি জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি। ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।  গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকসেলের মাধ্যমে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হবে। জানা গেছে, সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে বিকেলে ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। আরও পড়ুনআরও পড়ুনমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী? চাল কেনার সময় শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ কার্যক্রম তিন মাস চলবে। এই সময়ে তৈরি পোশাকশিল্পের কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।  খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।


শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। আজ শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন রিজভী। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তাঁরা বুক চিতিয়ে লড়াই করেছেন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি। রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম

ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র করছে: সাদিক কায়েম

ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ জন্য বিএনপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন সাদিক কায়েম। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসররা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকারের ব্যর্থতার কারণে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে, প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে আজ তারা নতুনভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ পাচ্ছে।’ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে তাঁর সব দোসরের রায়ও কার্যকর করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা

আওয়ামী নির্যাতনের শিকার হয়ে পা হারানো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমের কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাম পা হারানোর কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সীমাবদ্ধতার মুখোমুখি ছিলেন আব্দুর রহিম। তার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করতেই এই কৃত্রিম পা প্রদানের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে বিএনপি।


শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে মনোযোগ পেতে চায় আওয়ামী লীগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে মনোযোগ পেতে চায় আওয়ামী লীগ

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণাকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ লক্ষ্যে দলটি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে অনলাইনে ‘ধর্মঘট’, ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে আওয়ামী লীগের নেতাদেরও পরিষ্কার ধারণা নেই। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের একটা অংশ বলছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে কূটনৈতিক সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এ ধরনের পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও প্রয়োজন। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে দুই সরকারের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের নেতাদের কারও কারও আশঙ্কা, একবার ঘোষণা দেওয়ার পর দেশে ফিরতে না পারলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা কমতে পারে। অন্যদিকে ঘোষিত কর্মসূচির কারণে দেশে থাকা নেতা-কর্মীদের নতুন করে গ্রেপ্তারের মুখে পড়তে হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারত থেকে ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়েছেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা আসলে কি ফিরবেন, ফিরতে চাইলে কী প্রক্রিয়ায় দেশে ফিরবেন—এ নিয়ে মানুষের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার—শেখ হাসিনা মৃত্যুদণ্ড নিয়ে পলাতক। তাঁকে দেশে ফিরতে হলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। এ জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। ডিসেম্বর সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ অনলাইনে নানা কর্মসূচি ঘোষণা করছে। এর অংশ হিসেবে ১০ নভেম্বর ধর্মঘট ডাকে। সেটা বাস্তবায়িত না হলেও ১০ নভেম্বর ও এর আগে-পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটছে। অনলাইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী এসব কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কেউ কেউ দায় স্বীকারও করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে। তাঁদের গ্রেপ্তারে অভিযানও জোরদার করা হয়েছে। ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে জড়িত ব্যক্তিদের ধরার দাবিও করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে গতকাল শনিবার ছিল লিফলেট বিতরণ, দেয়াললিখন, প্রচারণা ও গণসংযোগ। তবে এ ধরনের তৎপরতার খবর পাওয়া যায়নি। এরপর মিছিল, স্মারকলিপি পেশ, কালোব্যাজ ধারণসহ আরও কর্মসূচি রয়েছে। ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশির ভাগই ভারতে, বিশেষ করে কলকাতায় অবস্থান করছেন। দলটির একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে থাকা অনেক নেতাও সাম্প্রতিক সময়ে ভারতে এসেছেন। তাঁদের কেউ কেউ এখনো সেখানে রয়েছেন। এসব নেতার ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে ঘোষণা এসেছে, তা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে তাঁদের পরিষ্কার ধারণা নেই। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে ৯ নভেম্বর খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলে আবেদনটি পাঠানো হয়। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার ‘অথরাইজেশন’-সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। এর মধ্যে গত শুক্রবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। এ ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথাও বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক. শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশের সামরিক বিমানে। তাঁকে ফিরিয়ে নিতে হলেও বাংলাদেশ সেনাবাহিনীকেই সেই দায়িত্ব নিতে হবে। প্রত্যাবর্তন স্থলপথে বা আকাশপথে হতে পারে। দুই. শেখ হাসিনা যাতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার বিচার নতুন করে শুরু হয়, সে নিশ্চয়তা বাংলাদেশকে দিতে হবে। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো এমন শর্ত দেওয়ার বাস্তবতা এখনো দেখছে না। গতকাল শনিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিবিসির প্রতিবেদনের প্রসঙ্গ তুলে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চান সাংবাদিকেরা। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। ওনারা (ভারত) কী করবেন, সেটা ওনাদের বিষয়।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা বলতে পারবেন।’ দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পর ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। হুমায়ুন কবির আরও বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। গত ১৩ জানুয়ারি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে ৩০ দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। তবে নির্ধারিত সময়ে শেখ হাসিনা আপিল করেননি। ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, আপিলের সময় পেরিয়ে যাওয়ায় তাঁর আর আপিলের সুযোগ নেই। মৃত্যুদণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বাংলাদেশে থাকা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা হয়েছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ও তৎপরতার উদ্দেশ্য নিয়েও দলটির ভেতরে প্রশ্ন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, এভাবে কর্মসূচি দিয়ে দাবি আদায় কিংবা শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব হবে না। সবকিছু দেখে মনে হচ্ছে, এসব কর্মসূচির মূল লক্ষ্য দেশে ও আন্তর্জাতিক মহলে মনোযোগ আকর্ষণ করা। কতটা মনোযোগ পাওয়া যাবে, তা ভবিষ্যৎ বলে দেবে। তবে এতে সরকার ক্ষুব্ধ হবে এবং দেশে থাকা নেতা-কর্মীদের বিপদ বাড়বে।


রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী (৩৬) এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন (৫০)। আবুল হোসেন মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, শুক্রবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন আবুল হোসেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।


হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

হেঁটে যাওয়ার পথে বোতল তুলে নিলেন জয়া, প্রশংসায় নেটিজেনরা

বেশিরভাগ সময়েই খবরে থাকেন পাপারাজ্জিদের সঙ্গে তার সংঘাতের কারণে। তবে এবার একেবারে অন্যরকম একটি দৃশ্য ভাইরাল হয়ে পড়েন বিনোদন জগতের বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। যে ভিডিও সামাজিক মাধ্যমে মন জয় করে নিয়েছে সবার।  পাপারাজ্জিদের প্রতি কঠোর মানসিকতা দেখালেও পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ভীষণই সচেতন এ বর্ষীয়ান অভিনেত্রী।  সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি অনুষ্ঠান থেকে বেরনোর সময়ে রোনি রাস্তায় একটি বোতল পড়ে থাকতে দেখে দ্রুত সেটি তুলে রাস্তা থেকে সরিয়ে দেন। ভিডিওতে জয়া বচ্চনকে রাস্তায় পড়ে থাকা একটি খালি বোতল তুলতে দেখা যায়। একেবারে নির্দ্বিধায় তিনি বোতলটি তুলে রাস্তা থেকে সরিয়ে একপাশে রেখে দেন।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে মানুষ জয়া বচ্চনের এই কাজের প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলেছেন, এত বড় তারকা হওয়া সত্ত্বেও তার রাস্তা থেকে আবর্জনা তোলার এই কাজ অনেকের জন্য উদাহরণ হয়ে রইল।  আরও পড়ুনআরও পড়ুনউসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর কেউ আবার বলেছেন, ‘আজ আপনি আমার মন জয় করে নিয়েছেন।’ সামাজিক মাধ্যমে শুধু জয়ার কার্যকলাপের দিকেই নয়, ভিডিওতে দেখা  গেছে, তার ফোনের ওয়ালপেপারও। অভিনেত্রীর ফোনে তার নাতি-নাতনি নৃভ্যাভেরনলি নন্দা এবং অগস্ত্য নন্দার ছবি আছে।  উল্লেখ্য, পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চন সম্পর্ক খানিক তিক্ত। অনেক সময়েই ফটোগ্রাফারদের অভিবাদ জানিয়েছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনে ক্যামেরার এমন অযথা ঝলকানি নিয়ে বার বার অসন্তোষও প্রকাশ করেছেন জয়া।


পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি

পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি

১১ নভেম্বর শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬–এর আসর। এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকীর আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি। আজ সকালে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—


এবার ব্লাইন্ড ক্রিকেটের উন্মাদনা

এবার ব্লাইন্ড ক্রিকেটের উন্মাদনা

সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) টাইটেল স্পন্সরে ঢাকায় আজ এশিয়া কাপ টি-২০ ব্লাইন্ড ক্রিকেট শুরু হচ্ছে। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ নভেম্বর পর্যন্ত এ আসর চলবে। বাংলাদেশে এবারই প্রথম ব্লাইন্ড এশিয়া কাপ হচ্ছে। গতকাল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা হয়।  ট্রফি উন্মোচন ছাড়াও টুর্নামেন্টের প্রামাণ্যচিত্র দেখানো হয়। বাংলার ঐতিহ্যবাহী গান, লোকনৃত্য, আঞ্চলিক সুর ও দেশাত্মবোধক দলীয় পরিবেশনায় অংশ নেয় বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের শিশুরা। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের অন্তর্ভুক্তিতে এই আন্তর্জাতিক আসরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ়তাকে তুলে ধরা হয়েছে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহফুজুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির পরিচালক ও চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। অন্যদের মধ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (গেমস) ব্যারিস্টার মাহিন এস রহমান, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেটের সভাপতি ও পাকিস্তানের ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব রহমান। টুর্নামেন্টের অফিশিয়াল স্পোর্টস ও টি স্পোর্টস এবং ইউটিউব চ্যানেল থেকে ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।


শেজাদের দারুণ নেতৃত্বে ফ্রস্ট ব্লাস্টের শিরোপা বসুন্ধরা স্ট্রাইকার্সের ঘরে

শেজাদের দারুণ নেতৃত্বে ফ্রস্ট ব্লাস্টের শিরোপা বসুন্ধরা স্ট্রাইকার্সের ঘরে

ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রি এর শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ব্লকবাস্টার ফাইনালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেজাদ আকবর সোবহানের দল। ব্যাটে, বলে এদিন দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তাপস ঘোষ। আর সেরা অধিনায়কের স্বীকৃতি পেয়েছেন টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শেজাদ আকবর সোবহান। এবিজি স্পোর্টস সিটিতে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রির পর্দা নামলো বসুন্ধরা স্ট্রাইকার্সের এই ঐতিহাসিক শিরোপা জয়ের মধ্য দিয়ে। এদিন এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে ম্যাচের শুরুতেই বসুন্ধরা স্ট্রাইকার্সের বোলারদের তোপের মুখে পড়ে ব্যাটিং দল। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে বসুন্ধরাকে ১৩৭ রানের লক্ষ্য দেয় তারা। পরে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বসুন্ধরা; দলীয় চার রানেই হারায় প্রথম উইকেট। তবে সেই প্রাথমিক চাপ দুর্দান্তভাবে সামলে নেন তাপস ঘোষ ও সুমন আহমেদ। দুজনের দায়িত্বশীল অর্ধশতকে সহজেই জয়ের পথে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত ১৪ বল হাতে রেখেই সাত উইকেটের বড় জয় নিশ্চিত করে বসুন্ধরা স্ট্রাইকার্স। এবারের আসরের পুরো টুর্নামেন্টজুড়ে দলের মিডল অর্ডার ও বোলিং রোটেশন সামলানোর পাশাপাশি অসাধারণ কৌশলে দলকে ফাইনালে টেনে তোলেন অধিনায়ক শেজাদ আকবর সোবহান। ফাইনালে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জেতেন তাপস ঘোষ এবং টুর্নামেন্টসেরা অধিনায়কের মুকুট ওঠে শেজাদের মাথায়। আর এই জয়ে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন থ্রির চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব ও আধিপত্যের চূড়ান্ত প্রমাণ দিলো বসুন্ধরা স্ট্রাইকার্স।


‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’

‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার উঠেছে পাকিস্তান। স্বাগতিকদের ১-০ গোলে হারানোর পর পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তাদের কৌশল ছিল হামজা দেওয়ান চৌধুরীকে আটকে রাখা। সেই পরিকল্পনা সফল হওয়াতেই সেমিফাইনালে জয় পেয়েছে তার দল। শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের গোলকিপারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোলানো বলেন, ‘প্রথমেই আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। পুরো জাতিকেও অভিনন্দন। ফাইনালে ওঠার জন্য আমরা সত্যিই অনেক পরিশ্রম করেছি। জানতাম, বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে হবে। ওরা দারুণ দল, ব্যক্তিগতভাবে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়ও আছে। তবে আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে দিয়েছে। কীভাবে বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন করে তুলতে হবে, সেটা আমরা জানতাম।’  পুরো ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট পাকিস্তান কোচ। বিশেষ করে গ্যালারির দর্শকদের উপস্থিতি ও স্টেডিয়ামের পরিবেশ মুগ্ধ করেছে তাকে। সোলানোর ভাষায়, ‘পুরো ৯০ মিনিট দল যেভাবে খেলেছে, তাতে আমি খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। তারা খুব ভালো খেলেছে। স্টেডিয়ামটাও চমৎকার ছিল। দীর্ঘদিন এমন পরিবেশ অনুভব করিনি। দর্শকদের উপস্থিতি ছিল অসাধারণ।’ বাংলাদেশের ফুটবলের উন্নতির কথাও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের হতাশ না হয়ে দেশের ফুটবলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সোলানো বলেন, ‘আমি জানি বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হয়েছে। তবে এটাই ফুটবল। আপনারা নিজেদের দেশকে সমর্থন দিয়ে যান। এটি কেবল একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’ বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে হামজাকে আটকে রাখার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন সোলানো। ইংলিশ ফুটবলে খেলা এই মিডফিল্ডারকে বলের নিয়ন্ত্রণ ও খেলার স্বাধীনতা দিতে চায়নি পাকিস্তান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানতাম, তাদের দলে হামজা আছে। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞ। সে যেন বল পেয়ে স্বাধীনভাবে খেলতে না পারে, সেটাই ছিল আমাদের পরিকল্পনার অংশ। আমরা সেই জায়গাটা আটকে রেখেছিলাম।’ বাংলাদেশের গোলকিপারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগানো প্রসঙ্গে পাকিস্তান কোচের বক্তব্য, ফুটবলে এমন ভুল হতেই পারে। তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। বাংলাদেশের খুব ভালো দল আছে, ভালো কোচও আছেন। কখনও কখনও এমনটা ঘটে। ম্যাচটি ছিল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে। একটা পর্যায়ে মনে হচ্ছিল, যেকোনও দল জিততে পারে। তবে আমরা বেশ জমাট ছিলাম। বাংলাদেশের বিপক্ষে খুব বেশি পরিষ্কার সুযোগও তৈরি হয়নি।’ পাকিস্তানের সাম্প্রতিক ফুটবল-উন্নয়ন নিয়েও কথা বলেছেন সোলানো। তার মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেওয়া দলটির উন্নতিতে সহায়তা করছে। মালদ্বীপে ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টের ফাইনাল খেলে শিরোপা জয়ের পর আসিয়ান কাপেও ভালো করেছে পাকিস্তান। এবার সাফের ফাইনালে উঠে সেই ধারাবাহিকতা ধরে রাখলো তারা। সোলানো বলেন, ‘আমি পাকিস্তান জাতীয় দলের সঙ্গে আছি মাত্র এক বছর দুই মাস। খেলোয়াড়দের সাড়া দেখে আমি ভীষণ গর্বিত। মালদ্বীপে ভালো টুর্নামেন্ট খেলেছি। আসিয়ান কাপেও ভিয়েতনাম, ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। এসব প্রতিযোগিতা আমাদের অনেক সাহায্য করেছে। ধীরে ধীরে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল গড়ে তুলছি।’ পাকিস্তানে এখনও পেশাদার ফুটবল লিগ নেই। তার পরও জাতীয় দলের খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন এই কোচ। তার কথায়, ‘কয়েক বছর আগে পাকিস্তানের ফুটবলে অনেক সমস্যা ছিল। দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যেও থাকতে হয়েছে। এখনও দেশে পেশাদার লিগ নেই। তার পরও ছেলেরা জাতীয় দলে জায়গা করে নিতে কঠোর পরিশ্রম করছে এবং দেশের প্রতিনিধিত্ব করছে। তাদের নিয়ে আমি সত্যিই গর্বিত।’ ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই ৩-২ গোলে হেরেছিল সোলানোর দল। তবে ফাইনালে ভিন্ন চিত্র দেখতে চান তিনি। প্রথম ম্যাচে দলের প্রস্তুতির ঘাটতি ও ভ্রমণক্লান্তিকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান কোচ। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। বিশেষ করে প্রথম ৪৫ মিনিটে, যে কারণে তারা তিনটি গোল করেছিল। আমরা ভ্রমণ করে এসেছিলাম, অনুশীলনের সুযোগও পাইনি। এভাবে সরাসরি মাঠে নেমে খেলা কোনও দলের জন্যই ভালো নয়। কিছু ভুল করেছিলাম, যদিও শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের প্রতিক্রিয়া কিছুটা দেরিতে এসেছিল।’ ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভারতকে নিয়ে বাড়তি মন্তব্য করতে চাননি সোলানো। তার মতে, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। তিনি বলেন, ‘আমরা কয়েক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছি। মঙ্গলবার ভারতের বিপক্ষে খুব কঠিন একটি ম্যাচ খেলতে চাই। কে ভালো, কে খারাপ, সেই তুলনায় যেতে চাই না। এটা ফুটবল, মাঠেই আমাদের প্রমাণ করতে হবে।’ 


প্রথমে বিচ্ছিন্ন এক হাত, পরদিন হাতসহ পা, অবশেষে মিলল অবশিষ্টাংশ

প্রথমে বিচ্ছিন্ন এক হাত, পরদিন হাতসহ পা, অবশেষে মিলল অবশিষ্টাংশ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহিদা বেগম (৪৮) ও আবুল বাশার (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাহিদা বেগম বাউফল উপজেলার পোনাহুরা গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী এবং আবুল বাশার একই গ্রামের ইসমাইলের ছেলে। এ ঘটনায় আরেক অভিযুক্ত কবিরকাঠী গ্রামের মোস্তফা সিকদারের ছেলে সোহেল (৩৫) পলাতক রয়েছেন। নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে ঢাকায় থাকতেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাউফল থানার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। পুলিশ জানায়, মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। ৬ নভেম্বর বিকেল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে ছিলেন। ওই দিন সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের কয়েক দিন পর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশে বিচ্ছিন্ন একটি হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরদিন গতকাল শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, তদন্তের একপর্যায়ে সাহিদা বেগম ও আবুল বাশারকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে মরদেহের অন্যান্য অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে পান করান। এতে তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তাঁর মুখে বালিশ চেপে ধরেন। এ সময় সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে সাহিদার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কলাবাগানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। পরে সেগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, সাহিদা বেগম বিধবা এবং তাঁর দুই ছেলে ইতালিতে থাকেন। এক মেয়ের স্বামীও সেখানে থাকায় তিনি বাড়িতে একাই থাকতেন। নিহত রুহুল আমিন তাঁর আত্মীয় ছিলেন। সাহিদার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে সাহিদার বাড়িতে গিয়েছিলেন রুহুল আমিন। এএসপি সব্যসাচী বলেন, অর্থনৈতিক ও অন্যান্য কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনের অন্য কারণগুলো তদন্তের পর জানা যাবে। সব্যসাচী আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন গতকাল শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।


নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি  ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সহ ৮ দফা দাবিতে ইবি সায়েন্স ক্লাবের স্মারকলিপি

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ড. শহীদ উজ জামান

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: রোকন উদ্দিন

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টেকনাফে ৩৬ শতক পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার