শীর্ষ খবর
সংস্কৃতি অঙ্গনে নিরাপত্তাহীনতা নিয়ে হতাশ আসিফ আকবর
সংস্কৃতি অঙ্গনে নিরাপত্তাহীনতা নিয়ে হতাশ আসিফ আকবরবাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দেশের সাংস্কৃতিক অঙ্গন ও সংগীতশিল্পীদের সামাজিক নিরাপত্তাহীনতা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। সমসাময়িক নানা ইস্যুতে সরব এই শিল্পী শুক্রবার নিজের ফেসবুক পোস্টে করোনাকালীন অভিজ্ঞতা ও বর্তমান সংগীত ইন্ডাস্ট্রির সংকট নিয়ে কথা বলেন।পোস্টে আসিফ লিখেছেন, ‘পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রণা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে, প্রথম চালানেই বন্ধ হয় সংগীতের কার্যক্রম।’শিল্পীদের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশে শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না। বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া। তবুও থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ।’করোনার সময়কার পরিস্থিতি স্মরণ করে এই গায়ক লেখেন, ‘করোনার সময় আমরা রেকর্ডিং করতাম মোবাইল ফোনে। স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নাই—সব কাজ হতো বাসায় অবস্থান করেই। নিরাপত্তা আতঙ্কে মিউজিশিয়ানরা কেউ চলে গেছেন শহর ছেড়ে, কেউ প্রবাসে, কেউ বদলে ফেলেছেন পেশা। তবুও শুকরিয়া—ধ্রুব গুহ দাদার মতো দুই-একজন বোকা প্রডিউসার ছিলেন আমাদের পাশে।’বর্তমান মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা নিয়ে হতাশা জানিয়ে আসিফ বলেন, ‘এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। আছে সেগুলোর কঙ্কালসার অবয়ব। এই অবয়ব দিয়ে ল্যাবেও (গবেষণা) কাজ হবে না।’সরকার পরিবর্তনের সঙ্গে একদল ‘চাটুকার’ শ্রেণির উত্থান-পতনের প্রসঙ্গ টেনে তিনি তা জনপ্রিয় কার্টুন সিরিজ Tom and Jerry–এর গল্পের সঙ্গে তুলনা করেন। তার ভাষায়, ‘যেভাবে সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায়, চাটুকারের দল আসে। একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই।’পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘এই টম এন্ড জেরির গল্প যেন শেষ হবার নয়! করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে। আমরা সব ভুলে যাই বরাবরের মতো। বিপদ কেটে যাওয়ায় আবারও হয়ে গেছি অহংকারী। সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা। আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক।’আসিফ আকবরের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান সংকট ও শিল্পীদের সামাজিক নিরাপত্তা নিয়ে তার বক্তব্য নতুন করে ভাবনার খোরাক জুগিয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম