ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীতের পরিকল্পনা

দেশের খাদ্যগুদামগুলোর মজুত ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা করছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে পুরোনো ও ব্যবহার অনুপযোগী খাদ্যগুদামগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনে বাতিল এবং নতুন খাদ্যগুদাম নির্মাণের পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠক অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী আব্দুল বারী, আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম।[TECHTARANGA-POST:25089] বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের সংখ্যা বাড়ানো হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও নতুন নীতিমালায় প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে। এ ছাড়া তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাক সেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে। বৈঠকে খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং গুদামে মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।[TECHTARANGA-POST:25080] নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের পরিপ্রেক্ষিতে অথবা কর্তৃপক্ষ কোনো গুরুতর বিচ্যুতি উদ্‌ঘাটন করলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাব রয়েছে। বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করা এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন। কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।[TECHTARANGA-POST:25083] সভাপতি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাঁদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। একই সঙ্গে ওই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ টনে উন্নীতের পরিকল্পনা