তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে
গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর (হাসিনা) সঙ্গে এ বিষয়ে সরকারের কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ভারতের সঙ্গে।
শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনার মধ্যে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।[TECHTARANGA-POST:25123]
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।
দুপুরে সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমানকে শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাঁকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই।’
শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, তা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী তাঁর সাঙ্গোপাঙ্গসহ ভারতে অবস্থান করছেন। তিনি বিমানে, হেঁটে নাকি অন্য কোনোভাবে দেশে ফিরবেন, সেই আলোচনা ভারতের সঙ্গে হবে।[TECHTARANGA-POST:25122]
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফ করা হয়।
হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাস্তবতা হলো, সন্ত্রাসীদের শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা হবে। কারও মনের ইচ্ছা হতে পারে, শয়নকক্ষে শুয়ে কেউ দুঃস্বপ্ন দেখতে পারেন, তিনি বিমানবন্দরে আসছেন, ট্রেনে চড়ছেন। কিন্তু তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাঁকে শুধু হাতকড়া পরিয়ে অথবা বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থ ব্যয় করে এসব খবর প্রকাশ করানো হতে পারে। তবে ইচ্ছা ও বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ রয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তা আইন (সংশোধিত) ২০২৬–এর খসড়া নিয়ে কূটনীতিকদের আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এ কথা বলেন।[TECHTARANGA-POST:25121]
শেখ হাসিনার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থার আহ্বানকে উন্মাদনা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল।
আমিনুল ইসলাম বলেন, ‘এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, যে মুখপাত্র এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু নয়।’ তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামির এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানান তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। তিনি বলেছেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।