প্রথম আলোর বর্ষপূর্তিতে পাহাড়ের শিশুদের সঙ্গে বান্দরবান বন্ধুসভা
একটা সুন্দর দিন বলতে আমরা কী বুঝি? একটা দারুণ জার্নি, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, গাড়িতে গান আর হইহুল্লোড়, মিষ্টি কিছু বাচ্চার সঙ্গে কাটানো একটা পুরো দিন, নাচের তালে আর গানের সুরে মেতে ওঠা কিছু মুহূর্ত আর সঙ্গে একঝাঁক বন্ধু ও অনেক অনেক রোমাঞ্চ! সবকিছু যদি এক দিনে পাওয়া যায়, তাহলে দিনটাকে আর কী বলা যায়? ঠিক এমনই একটা দিন কাটল আমাদের।
প্রথম আলোর ২৮ বছর পূর্তি উদ্যাপনের লক্ষ্যে সকালে চাঁদের গাড়িতে চড়ে আমাদের যাত্রা শুরু। গাড়িতে চলছিল গান, হাসি, হইহুল্লোড় আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ। কখনো গানের সুরে গলা মেলানো, কখনো বন্ধুদের সঙ্গে মজার আড্ডা—এভাবেই পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায়।[TECHTARANGA-POST:25455]
সেখানে পৌঁছেই পরিচয় হলো স্কুলের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সঙ্গে। তাঁদের আন্তরিক অভ্যর্থনা আর সুন্দর ব্যবহার মুগ্ধ করেছে। তাঁদের সঙ্গে কথা বলে সবার সহযোগিতায় সাজিয়ে নিলাম আমাদের আয়োজন। এরপর স্কুলের ছোট বাচ্চাদের সঙ্গে পরিচিত হওয়া। ওদের সরল হাসি আর মিষ্টি ব্যবহারেই যেন মুহূর্তের মধ্যে সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল।
প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। একে একে মঞ্চে আসতে থাকল স্কুলের ছোট্ট সোনামণিরা। তাদের নাচ, প্রাণবন্ত পরিবেশনা আর নিষ্পাপ হাসিতে পুরো আয়োজনটাই হয়ে উঠল আনন্দমুখর। দর্শকেরাও পুরোটা সময় দারুণ উপভোগ করেছেন।
বান্দরবান বন্ধুসভার যুগ্ম সম্পাদক রুমানা কবিতা আবৃত্তি করেন। সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রদীপ্ত বড়ুয়ার পরিচালনায় একটি ছোট্ট নাটিকার মাধ্যমে শেষ হয় সাংস্কৃতিক আয়োজন। সহযোগিতায় ছিল বন্ধু প্রজন্মা ভট্টাচার্য।সমাপনী বক্তব্য দেন কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার প্রধান শিক্ষক।[TECHTARANGA-POST:25454]
অনুষ্ঠান শেষ হলেও আমাদের আনন্দের তখনো অনেকটা বাকি! স্কুলের বাচ্চারা, শিক্ষক আর বন্ধুসভার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষে চলল কিছুক্ষণ আড্ডা, হাসাহাসি আর ফটোসেশন। এরই মধ্যে বন্ধুসভার বন্ধুদের পক্ষ থেকে স্কুলের হোস্টেলে থাকা বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া কিছু উপহার তাদের হাতে তুলে দিলাম। ওদের মুখের হাসিটুকুই যেন আমাদের এই ছোট্ট উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।
এরপর বিদায় জানিয়ে শিক্ষকদের সঙ্গে নিয়েই আমাদের পরবর্তী গন্তব্য দেবতাখূম। শুরু হলো দিনের দ্বিতীয় পর্বের রোমাঞ্চ! ঝরনার পথে হাঁটা, পানির ছলছল শব্দ, ভেলায় চড়া আর প্রকৃতির মধ্যে নিজেদের মতো করে কিছুটা সময় কাটানো। সব মিলিয়ে দেবতাখূমের সময়টুকুও ছিল অসাধারণ।
সব রোমাঞ্চ শেষে আবারও ফিরতি যাত্রা শুরু। তখন আকাশজুড়ে নভেম্বরের স্বচ্ছ সন্ধ্যা। শরতের নির্মল আকাশে হাজারো তারার মেলা। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা গাড়িতে আবারও গান, গল্প আর বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা। কখন যে পথটুকু পেরিয়ে সন্ধ্যা নামতে নামতে বান্দরবান পৌঁছে গেলাম, টেরই পেলাম না।[TECHTARANGA-POST:25452]
একটা দিন, কত আয়োজন! নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয়, ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, তাদের মুখে হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা, বন্ধুদের সঙ্গে দারুণ সময় আর পাহাড়ের বুকে একরাশ রোমাঞ্চ।
দিনটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় মনের ভেতর। কচ্ছপতলীর বাচ্চাদের হাসি, তাদের নাচের তালে হাততালি, একসঙ্গে খাওয়ার আনন্দ আর ফেরার পথের সেই গান-গল্প সব মিলিয়ে দিনটা আমাদের স্মৃতির পাতায় বেশ যত্ন করেই জায়গা করে নিল।
সাংগঠনিক সম্পাদক, বান্দরবান বন্ধুসভা