কক্সবাজারের এক হাজারের বেশি দক্ষ তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আইজেক জব ফেয়ার ২০২৬’। বুধবার যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে ‘কক্সবাজারে নারী ও যুবদের দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইজেক)’ প্রকল্পের আওতায় এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়। পর্যটন ও আতিথেয়তা, তথ্যপ্রযুক্তি, নির্মাণ ও লাইট ইঞ্জিনিয়ারিং এবং কেয়ার ইকোনমিসহ বিভিন্ন খাতের ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই মেলায় চাকরিপ্রার্থীদের কাছ থেকে ৮৫০টির বেশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ে এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে অনেক প্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগের জন্য প্রাথমিকভাবে বাছাই হন।[TECHTARANGA-POST:24677] যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) শেখ মুরশিদুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল আলম, বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের প্রথম সচিব পার্ল উইয়েরেঙ্গা, আইএলও কক্সবাজার প্রকল্প কার্যালয়ের প্রধান রুচিকা বেহেল এবং আইজেক প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ স্থানীয় চেম্বার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্যে আইজেক প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, তরুণদের জন্য শোভন কাজের সুযোগ সম্প্রসারণে দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং শ্রমবাজারের চাহিদার মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলা জরুরি। এই জব ফেয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছে এবং বিশেষ করে তরুণ নারীদের কর্মসংস্থানের পথ সুগম করতে সহায়তা করছে। আইজেক প্রকল্পের মাধ্যমে আইএলও অংশীদারদের সঙ্গে কাজ করে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, তরুণদের অর্জিত দক্ষতাকে টেকসই কর্মসংস্থানে রূপান্তরিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগ নিয়োগদাতা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সংযোগ জোরদার করে এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।[TECHTARANGA-POST:24676] তিনি আরও জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের আওতায় ২০২৬ সালে প্রায় এক হাজার ৫০০ তরুণ-তরুণী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে প্রায় ৫০০ জন ইতোমধ্যে কর্মসংস্থান লাভ করেছেন। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পরিচালিত আইজেক প্রকল্পটি আইএলও ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ২০২৩ সাল থেকে এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।