লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার (২৩ নভেম্বর) তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা নাগাদ তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিত এই বাংলাদেশিরা ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।[TECHTARANGA-POST:25034] বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়কালে রাষ্ট্রদূত অভিবাসীদের খোঁজখবর নেন এবং দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার আৃহ্বান জানান। ভবিষ্যতে যেকোনও পরিস্থিতিতে অনিয়মিত বা অবৈধ পথে বিদেশ গমন না করার বিষয়ে তিনি তাদের সতর্ক করেন। পাশাপাশি দেশে ফিরে নিজের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মানব পাচারকারী দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উৎসাহিত করেন রাষ্ট্রদূত। তিনি প্রত্যাবাসিতদের দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করারও পরামর্শ দেন।[TECHTARANGA-POST:25033] এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ও স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসনে দূতাবাসের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার (২৫ নভেম্বর) আইওএম-এর সহায়তায় ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দূতাবাস।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।