নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা সচিব। এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল, বদলি ও জাতীয়করণের দাবির বিষয়ে আবদুল খালেক বলেন, ‘৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।’[TECHTARANGA-POST:25446] শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান তিনি। এ বিষয়ে সচিব বলেন, ‘বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।’ জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি।’[TECHTARANGA-POST:25445] সরকারের আর্থিক সহযোগিতার বিষয়টি তুলে ধরে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান শিক্ষা সচিব।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।