শেরপুরের ঝিনাইগাতীতে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভবনের একাংশ, আসবাবপত্র ও অধিকাংশ নথিপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এ ঘটনা ঘটে। উপজেলার তিনানী বাজারে অবস্থিত এ কার্যালয়ে রাজগঞ্জ ছাড়াও মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হয়। ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে চলে যান কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা অফিস থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের একাংশ।[TECHTARANGA-POST:25219] খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে, তা আমরা দেখিনি। তবে এটা নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানি হতে হবে। আমরা এ ঘটনায় দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া বাকি সব নথিপত্র পুড়ে গেছে।[TECHTARANGA-POST:25218] পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।