ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে চা চাষি সম্মেলন ও মিলনমেলা

‘চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে’— স্লোগানে পঞ্চগড়ে বর্ণাঢ্য সব আয়োজনে দিনব্যাপী চা চাষি সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল ১০টা থেকে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই আয়োজন শুরু হয়।  বেলা ১১টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষি অংশগ্রহণ করেন। অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। [TECHTARANGA-POST:25457] পরে চা চাষি সম্মেলন ও চা চাষী মিলনমেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খান ও চা চাষীরা বক্তব্য রাখেন।   এ সময় বক্তারা বলেন, চায়ের গুণগত মান ঠিক রাখতে সময়মতো সার প্রয়োজন। এজন্য জৈব বালাইনাশক সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। তারা চায়ে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করতে ও অর্গানিক উপায়ে উৎপাদন বাড়াতে আহ্বান করেন।  এছাড়া চায়ের গুণগত মান বাড়াতে হাতের সাহায্যে চা পাতা তোলার পরিবর্তে মেশিনের মাধ্যমে চা পাতা তোলার কথা উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, কৃষকদের ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা তোলার মেশিন দেওয়া হচ্ছে। ন্যায্যদাম পাওয়ার জন্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  চাপাতা নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য প্রশাসনকে নিয়ে চা চাষিরা সজাগ রয়েছে বলেও জানান বক্তারা। পরে বিকেলে চাষিদের নিয়ে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র আয়োজন করা হয়।

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে চা চাষি সম্মেলন ও মিলনমেলা