চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার রাতে নগরীর পাঁচলাইশ থানার চশমা হিলে ও নগরের আন্দরকিল্লায় বাসভবনে তল্লাশি চালানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মো. বিধান আবিদের নেতৃত্বে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে তল্লাশি চালানো হয়।[TECHTARANGA-POST:24675] বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লার বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। এদিন রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে পুলিশ অভিযান পরিচালনা করে। এর কয়েক ঘণ্টার পর এ বাসায় হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫০ থেকে ৫৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে চকবাজার থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে ভাঙা কাচের টুকরো পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে বুধবার রাতে মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডের বাসভবন তল্লাশি চালায় পুলিশ।[TECHTARANGA-POST:24674] চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইদিন রাতে কোতোয়ালী থানার তিনপুলের মাথা ও নন্দনকানন এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।