নেত্রকোনায় একটি দোকানের সামনে কাফনের কাপড়, দাফনের অন্যান্য সামগ্রী ও হত্যার হুমকিসংবলিত চিরকুট ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামকে উদ্দেশ করে লেখা ওই চিরকুটে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যার নিচে লেখা রয়েছে ‘ইতি সর্বহারা গ্রুপ’। রবিবার (২৯ নভেম্বর) সকালে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম বলেন, ‘এসব করে ভয় দেখিয়ে লাভ নেই। কে বা কারা করেছে তা বলা যাচ্ছে না। তবে এখানে যেহেতু জয় বাংলা লিখে এই হত্যার হুমকি দিয়েছে, এতে বুঝা যায়, বিএনপিকে ভয় দেখাতে চেয়েছে। এখানে লেখা দেখা গেছে, ১৬ ডিসেম্বরের আগেই আমাকে হত্যা করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথ সুগম করবে। লিখছে সর্বহারা গ্রুপ।’ তবে এসব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনই করেছে বলে দাবি তার।[TECHTARANGA-POST:25530] এদিকে সকালে এলাকায় এমন একটি ঘটনা দেখে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, প্রকাশ্যে এভাবে হত্যার হুমকি দিয়ে কাফনের কাপড় ও বিভিন্ন সামগ্রী ঝুলিয়ে রাখার ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।