ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ওয়ানডেতে পারফরম্যান্স বদলাবে কি

টেস্ট সিরিজ শেষ। হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে পঞ্চম এবং সব মিলিয়ে অষ্টমবার হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ১৮ টেস্টের ১০টি হেরেছে ইনিংস ব্যবধানে। বৃষ্টি বাধায় পঞ্চম দিনে গড়ায় জোহানেসবার্গ টেস্ট। শুরুর তিন দিন চালকের আসনে বসেও হেরে যায় ৯ উইকেটে। সেঞ্চুরিয়ানের সবুজ ঘাসের উইকেটে প্রোটিয়া ফাস্ট বোলারদের গতি, বাউন্স ও সুইংয়ে অসহায় হয়ে হেরে যায় ইনিংস ও ২১৯ রানে। জোহানেসবার্গে টেস্ট গড়িয়েছে পঞ্চমদিন এবং সেঞ্চুরিয়ানে টেস্ট শেষ হয়েছে আড়াই দিনে। সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন নাজমুলরা। যদিও জোহানেসবার্গের প্রথম ইনিংসে দুটি সেঞ্চুরি করেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন তানজিদ তামিম। বাকি তিন ইনিংসে ক্রিকেটাররা ছায়া হয়েই খেলেছেন। তাদের আউটের ধরন দেখে নাজমুলদের টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সেঞ্চুরিয়ানে ইনিংস হারের পর টাইগার অধিনায়ক নাজমুলও স্বীকার করেছেন বিষয়টি, ‘সামর্থ্যরে অবশ্যই কমতি আছে। এটা স্বীকার করতেই হবে। আমি মনে করি, মাঝখানে আমরা ভালো ক্রিকেটও খেলেছি। একটা বিষয় ঠিক করতে হবে, নিয়মিত লড়াকু ক্রিকেট খেলা। খেলায় হার-জিত থাকবে। ওই জায়গাটাতে আমাদের একটু উপায় বের করতে হবে যে, কোন জায়গায় আসলে আমাদের ঘাটতি আছে।’ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বরাবরই এশিয়ার দেশগুলোর জন্য কঠিন। এখানকার উইকেটগুলোতে পেসাররা বাড়তি সুবিধা পান। টাইগার পেসার হাসান মাহমুদ ছাড়া উইকেটের সঙ্গে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও খালেদ আহমেদকে। নাজমুল বাহিনী পুরো সিরিজে মিস করেছে ‘স্পিডস্টার’ নাহিদ রানাকে। টেস্ট সিরিজ শেষ। ১ ডিসেম্বর শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১ ডিসেম্বর কুগুমপুতে। ৪ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে গাবেরহাতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ৭ ডিসেম্বর কেপটাউনে। প্রথম ম্যাচ দিনের আলোয় এবং শেষ দুটি ওয়ানডে দিবা-রাত্রির। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। বাংলাদেশের জয় ৬টি এবং হার ১৯টি। ছয় জয়ের একটি আবার ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে। দেশটির বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে ৬টি। বাংলাদেশের জয় ২টি। ২০১৫ সালে ঘরের মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ওই সিরিজে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার খেলবেন। দুই দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২২ সালে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম সিরিজ জিতেছে। চার বছর আগে সিরিজের প্রথম ম্যাচ সেঞ্চুরিয়ানে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। জোহানেবার্গে দ্বিতীয়টি হেরে যায় ৭ উইকেটে। সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচটি জেতে টাইগাররা ৯ উইকেটে। ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। যদিও আবুধাবিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন তাওহিদ হৃদয়। লিটন এবার সিরিজে নেতৃত্ব দেবেন। টেস্ট সিরিজের ব্যর্থতা ঘুচে ওয়ানডে সিরিজে ভালো করতে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে হবে বলে টেস্ট অধিনায়ক নাজমুল, ‘ভালো খেলতে চাইলে, জিততে চাইলে ৫০ ওভার ব্যাটিং করতেই হবে।’ ওয়ানডে সিরিজে টাইগার ব্যাটাররা ধারাবাহিক নন। সর্বশেষ তিন জাতির টুর্নামেন্টে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি টাইগাররা। আফগানদের বিপক্ষে ৪১.২ ওভার, জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩.৪ ও ৩৩.১ ওভার ব্যাটিং করেছে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে সবার আগে ৫০ ওভার ব্যাটিং করতে হবে লিটন বাহিনীকে। পুরো ৫০ ওভার ব্যাটিং করতে না পারায় পুরো দল চিন্তিত বলেন টেস্ট অধিনায়ক নাজমুল, ‘৫০ ওভার ব্যাটিং করতে না পারার বিষয়টি নিয়ে দলে অবশ্যই আমাদের আলোচনা হয়েছে।’ লিটন বাহিনী এখন গারবেহাতে অবস্থান করছে।

ওয়ানডেতে পারফরম্যান্স বদলাবে কি