ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আইসিসিবিতে নয়টি বক্সিং লড়াই, কমব্যাট স্পোর্টস বিকাশে নতুন উদ্যোগ

তরুণ বক্সারদের প্রতিভা তুলে ধরা এবং দেশের কমব্যাট স্পোর্টসের বিকাশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলকান বিটডাউন ৩’। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে আয়োজিত এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় নয়টি অ্যামেচার বক্সিং বাউট। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবানের বক্সারদের অংশগ্রহণ। বিভিন্ন ওজন শ্রেণিতে দুই পার্বত্য জেলার উদীয়মান বক্সাররা নিজেদের দক্ষতা ও সামর্থ্য প্রদর্শন করেন। ৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত লড়াইগুলোতে অংশ নেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ অনেকে।[TECHTARANGA-POST:25452] প্রতিযোগিতায় বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী বক্সার সুর কৃষ্ণ চাকমা। তার সম্পৃক্ততা এবারের আয়োজনকে আরও গুরুত্ববহ করে তোলে। দর্শকদের অংশগ্রহণ বাড়াতে প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। কোনো প্রবেশমূল্য ছাড়াই সরাসরি রিংয়ের লড়াই উপভোগের সুযোগ পান দর্শকেরা। নতুন ভেন্যুতে বড় পরিসরে এ আয়োজনের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছেন আয়োজকেরা। বক্সিং ও মুয়েই থাইসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসকে পরিচিত করার পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।[TECHTARANGA-POST:25451] দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ এবং তরুণদের জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে জুলকান বিটডাউন সিরিজ। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসে আগ্রহী করে তুলবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখবে।

আইসিসিবিতে নয়টি বক্সিং লড়াই, কমব্যাট স্পোর্টস বিকাশে নতুন উদ্যোগ