রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা পান্না আক্তার।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন ডা. ছৈয়দ হোসেন। তার উপস্থাপনায় খাদ্য নিরাপত্তা, জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান, বৈশ্বিক অবস্থানে বাংলাদেশ, নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের বিষয়টি উঠে আসে। এছাড়া নিরাপদ খাদ্য, 'ওয়ান হেলথ' কার্যক্রম, গবাদিপশুর জাত উন্নয়ন, কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রোগ প্রতিরোধে দেশীয় ভ্যাকসিন উৎপাদনের গুরুত্ব নিয়ে উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাবা পান্না আক্তার বলেন, "আজকের আলোচনায় নিরাপদ গবাদিপশু, স্বাস্থ্যসম্মত কসাইখানা এবং নিরাপদ মাছ খাওয়ার মতো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে।" জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কামনাশিশ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা পোস্টমাস্টার জসিমউদদীন , প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আবুল কাশেম জসীমউদ্দীন এবং সফল খামারি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক ও খামারি জয়নাল আবেদীন।
র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতামত