পিটার বাটলার চিকিৎসার কারণে ইংল্যান্ডে ফিরে যাওয়ায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দলের হাল ধরেছেন ফরাসি কোচ এরিক মারে। গত ৯ নভেম্বর ঢাকায় পা রাখার পর থেকেই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় তিন সপ্তাহ নিবিড় ক্যাম্প পরিচালনা করেছেন তিনি। ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আজ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন মারে, যেখানে জায়গা পেয়েছেন দুজন নতুন মুখ।
২০২৬ এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ১৭ জন ফুটবলারকে রেখে ছয়টি জায়গায় পরিবর্তন এনেছেন নতুন কোচ। মারের অধীনে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে তৃতীয় গোলরক্ষক হিসেবে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হিমি। এ ছাড়া দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি এবং আলপি আক্তার।
চট্টগ্রামের ক্যাম্প শেষ করে গত শুক্রবার ঢাকায় ফিরেছে পুরো দল। রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের বিমানে চড়ার আগে দলকে গুছিয়ে নেওয়ার সময় খুব একটা পাচ্ছেন না ফরাসি এই কোচ। তবে স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও প্রতিপক্ষের মাঠে দুটি ম্যাচেই জয়ের লক্ষ্য ঠিক করে রেখেছেন মারে।
সিঙ্গাপুর সফরের বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি
ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন
মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা
মতামত