সততা, আদর্শ ও ন্যায়নীতির রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নেতা অধ্যক্ষ ইউনুস খান। তাঁর রাজনৈতিক আদর্শ ও অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
রোববার (২২ নভেম্বর) বরিশালের বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও বিশেষ দোয়া মোনাজাত।
সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশাল ইসলামিয়া কলেজে অধ্যক্ষ ইউনুস খানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
পরে বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, অধ্যক্ষ ইউনুস খান তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সততা ও আদর্শের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর কর্ম, রাজনৈতিক প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়বদ্ধতা বিএনপির নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আওয়ামী লীগের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন রক্তের নেশায় মত্ত। গোপালগঞ্জে ফাঁদ পেতে নিজেরাই সেই ফাঁদে পড়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বয়কট করেছে। দলটি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য নাসির হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম জোমাদ্দার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, মাসুদ হাওলাদার, স্বপন শিকদার, কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি এবং উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ ইউনুস খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত