গাইবান্ধার ফুলছড়িতে রহস্যজনক শিশুমৃত্যুর ঘটনায় অবশেষে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়েছে।
ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের ছয় বছর বয়সী শিশু সাঈদ মন্ডল, পিতা মো. সবুজ মন্ডল গত রমজান মাসে নিজ বাড়িতে একা থাকা অবস্থায় কে বা কারা নির্মমভাবে আঘাত করে বলে অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর প্রাইম ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার রহস্যজনক মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মরদেহ দাফন করা হয়েছিল। শিশুটির মৃত্যু নিয়ে পরিবার ও এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দেয়।
পরবর্তীতে ঘটনাটিকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
আদালতের সেই নির্দেশে রোববার কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ সদস্যরা পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে, শিশুটির মৃত্যু স্বাভাবিক ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মতামত