মেধা, মনন ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বগুড়ার ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী। তাদের এ কৃতিত্বে এবার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার দুয়ার খুলেছে। শিক্ষার্থীদের এমন অর্জনে আনন্দিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকরা। সাফল্যের স্বীকৃতিস্বরূপ দুই শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা ও বই উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ অর্জন উদযাপন করা হয়।
বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো—বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির জারিফ হোসাইন ও পঞ্চম শ্রেণির নুরে জান্নাতুল মাওয়া। কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে জারিফ হোসাইন জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে, উপস্থিত বক্তব্য ‘ক’ গ্রুপে নুরে জান্নাতুল মাওয়া দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রিন্সিপাল কারী সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশেকে এলাহী শিবলী।
এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল ও বই তুলে দিয়ে তাদের সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি বিভাগীয় পর্যায়েও সুনাম অর্জনের জন্য শুভকামনা জানান।
শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিদ্যালয়ের সুন্দর শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, মানসম্মত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি যত্নশীল ভূমিকা তাদের এগিয়ে যাওয়ার পথ সুগম করছে। এ ধরনের সংবর্ধনা ও উৎসাহমূলক আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, মেধা বিকাশে সহায়তা করে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগায়।
জেলা পর্যায়ের অর্জনকে পুঁজি করে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থীর এ সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের বার্তা ছড়িয়ে দিয়েছে।
মতামত