কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের গতিরোধ করে চালককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এ সময় চালকের মোবাইল ফোন ভেঙে ফেলে পালিয়ে যান তাঁরা।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত চালকের নাম ইমদাদুল হক ইভন। তিনি উপজেলার বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।
ভুক্তভোগী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রাইভেটকার নিয়ে সেনগ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইভন। পথে গড়ের মাঠের ব্রিজ এলাকায় পৌঁছালে প্লাটিনা ও কালো রঙের পালসার মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন তাঁর গাড়ির গতিরোধ করেন। এ সময় তাঁরা নিজেদের পুলিশ পরিচয় দেন।
অভিযোগে বলা হয়, গাড়ি থামানোর পর ওই ব্যক্তিরা জোরপূর্বক তাঁকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে আঘাত করা হয়। পরে তাঁর পকেট ও গাড়িতে থাকা মোট ৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন তাঁরা। যাওয়ার আগে তাঁর মোবাইল ফোনটি মাটিতে আছড়ে ভেঙে দিয়ে পালিয়ে যান।
ইমদাদুল হক ইভন বলেন, ‘পুলিশ পরিচয়ে পাঁচজন আমার গাড়ির গতিরোধ করে। এরপর আমাকে মারধর করে পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে পকেট ও গাড়িতে থাকা ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। আমার মোবাইল ফোনটিও ভেঙে ফেলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
স্থানীয়দের অভিযোগ, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত