নওগাঁর পোরশা উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার দৃশ্য দেখতে পান।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ। তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার বিএনপির নেতাকর্মীরা যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারেন, সেই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মতামত