সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাটে। লকডাউন কর্মসূচি ঘোষিত হলেও উপজেলার জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন চলাচল, দোকানপাট খোলা রাখা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত ছিল। এদিকে লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্থানে সরব অবস্থানে দেখা গেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও খোলা ছিল। সাধারণ মানুষের চলাচলেও কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়েনি।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা সেখানে অবস্থান করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হাসান রতন, মহিলাদল নেত্রী মাজেদা বেগম, শাহিনা ইয়াসমিন, রুমা বানু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক উমর ফারুক রোমন ও ওয়াসিফ আরাফাত অভিসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে ধামইরহাটে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং স্বাভাবিক কর্মচাঞ্চল্যের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
মতামত