নওগাঁর ধামইরহাটে ব্রিটিশ আমল থেকে কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা প্রায় ৯ শতক জমি দখল করে ফসল চাষের অভিযোগ উঠেছে। উপজেলার ৪ নম্বর উমার ইউনিয়নের কাদিপুর মৌজার ৭০২ নম্বর দাগে অবস্থিত বিপি কবরস্থানের ওই জমি উদ্ধারের দাবিতে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
অভিযোগকারীরা হলেন কাদিপুর মৌজার দৌলতপুর গ্রামের গোলজার হোসেন, সাখাওয়াদ হোসেন, মহির উদ্দিন, মামুন, নুরুজ্জামান ও রনি।
লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, ব্রিটিশ আমল থেকেই ওই ৯ শতক জমি গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু পরবর্তীতে কবরস্থানের শ্রেণি পরিবর্তন করে জমিটি ফসলি জমিতে রূপান্তর করা হয়েছে। একই গ্রামের রকিবুল ইসলাম, খোরশেদ আলম ও ইসাহাক হোসেন জমিটি ভোগদখল করছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
গ্রামবাসীর অভিযোগ, বর্তমানে ওই জমিতে ধান, হলুদসহ বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে। অথচ গ্রামে মৃত ব্যক্তিদের দাফনের জন্য পর্যাপ্ত কবরস্থানের জায়গা নেই। ফলে কোনো ব্যক্তি মারা গেলে দাফন করা নিয়ে স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
অভিযোগকারীরা আরও জানান, জমিটি উদ্ধার করে পুনরায় কবরস্থান হিসেবে ব্যবহারের ব্যবস্থা করা হলে গ্রামের অসংখ্য পরিবার উপকৃত হবে। তাই দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে জমির প্রকৃত অবস্থা যাচাই করে সরকারি রেকর্ড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জমিটি কবরস্থানের জন্য ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত রকিবুল ইসলাম, খোরশেদ আলম ও ইসাহাক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত