কুমিল্লায় গ্যারেজ পরিচালনাকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় দুই ভাইয়ের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভাই প্রাণে বেঁচে গেলেও অপর ভাই পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি প্রায় চার লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, এক লাখ ২০ হাজার টাকা মূল্যের আইফোন ও নগদ টাকা লুটের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
আহতরা হলেন- কোতোয়ালী মডেল থানাধীন মদিনগর এলাকার মৃত রুহুল আমিনের বড় ছেলে ছামির (২৬) ও ছোট ছেলে হানজালা (২২)।
গত ১২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছামির ও হানজালার মা ছালমা বেগম কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগীদের মা ছালমা বেগমের বক্তব্য ও এজাহার সূত্রে জানা যায়, তাঁর ছেলে ছামির বিদেশ থেকে দেশে ফিরে একটি গ্যারেজ পরিচালনা করে আসছিলেন। এ সময় অভিযুক্তরা তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাইকা, মীর হোসেন ওরফে মীরা, তাজু ও দীপুসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। পরে তাঁরা দুই ভাই ছামির ও হানজালাকে মারধর করেন। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে ছামিরের পেটে এবং হানজালার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ছালমা বেগম আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্ত তাজু হানজালার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ছামিরের মালিকানাধীন প্রায় চার লাখ টাকা মূল্যের একটি এনএস-২৫০ মোটরসাইকেল, প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি আইফোন এবং হানজালার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই ভাইকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে অভিযুক্ত মীর হোসেনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয়দানকারী জামাল। তিনি জানান, ঘটনার পর মীর হোসেন তাঁর ব্যবহৃত ফোনটি তাঁকে দিয়ে আত্মগোপনে চলে গেছেন।
সরেজমিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত ছামির পেটে গুরুতর জখম নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। পেটের ক্ষত না শুকানো পর্যন্ত যেকোনো সময় বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার পর থানায় মামলা রুজু হয়েছে। আসামি আটকের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত