নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় এবং জনগণের সহযোগিতায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের ঝটিকা অভিযানে চুরি হওয়া একটি ট্রাক এক রাতের মধ্যে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-৭১৯৭। ট্রাকটির মালিক মো. কাজল (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর মডেল থানাধীন রজাকপুর ট্রাক টার্মিনালের পার্কিংয়ে ট্রাকটি রেখে বাড়িতে যান মালিক। পরদিন ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা চোরেরা ট্রাকের কেবিনের জানালার গ্লাস ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।
ঘটনাটি ৯৯৯-এর মাধ্যমে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি জানার পর পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে নাটোর, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশকে অবহিত করেন। এরপর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি জোরদার করা হয়।
পুলিশের ধারাবাহিক তৎপরতার একপর্যায়ে ১৪ নভেম্বর রাত ১টার দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন কাহালু বেতার কেন্দ্রের সামনে পাকা সড়কের ওপর ট্রাকটি ফেলে রেখে চোরেরা পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকের মালিক ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত