কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ করে ইয়াবা সেবনের অভিযোগে সজিবুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকের ব্রিটিশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এপিবিএন সূত্রে জানা যায়, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় সজিবুর রহমানকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে।
পরে তাকে এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে ২৭ নম্বর ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।
সেখানে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট মামলা নম্বর ২৫২/২৬-এর মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত সজিবুর রহমান টেকনাফের দক্ষিণ জাদিমুড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আইয়ুব ও হামিদা বেগমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদানের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
মতামত