প্রায় দুই দশক ধরে একটি প্রশ্ন ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিকে তাড়িয়ে বেড়াচ্ছে। কার আগে পদক্ষেপ নেওয়া উচিত? একুশ শতকের শুরু থেকে ওয়াশিংটন ও তেহরান বারবার একই দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হয়েছে। যেমন–অর্থনৈতিক ছাড় পাওয়ার আগে ইরানের কি নিজেদের পারমাণবিক কার্যক্রম সীমিত করা উচিত, নাকি ইরানের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় প্রত্যাশা করার আগেই যুক্তরাষ্ট্রের উচিত নিষেধাজ্ঞা শিথিল করা? অথচ সাম্প্রতিক কূটনৈতিক সংকট ইঙ্গিত দিচ্ছে যে, এই প্রশ্নগুলো হয়তো আর সঠিক নয়। আসল চ্যালেঞ্জ কে আগে পদক্ষেপ নেবে তা নয়, বরং উভয়পক্ষ একসঙ্গে এগোতে পারে কিনা। হরমুজ প্রণালি নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রশ্নটি আবারও জরুরি হয়ে উঠেছে। তেহরানের প্রস্তাব, ওয়াশিংটন নৌ-অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং নতুন হামলা না চালানোর নিশ্চয়তাসহ বেশ কিছু শর্ত পূরণ করলে তারা এই জলপথটি পুনরায় উন্মুক্ত করতে পারে। তেহরানের যুক্তি হলো–চাপ ও সংঘাতের পরিবেশে কোনো ধরনের আলোচনা শুরু হতে পারে না। তবে ওয়াশিংটন অনড় রয়েছে যে, যেকোনো নতুন কূটনৈতিক প্রক্রিয়ার শুরু থেকেই পারমাণবিক ইস্যুটিকে গুরুত্ব দিতে হবে।
এই মতবিরোধই বর্তমান আলোচনার মূল সমস্যাটিকে ফুটিয়ে তুলেছে। উভয়পক্ষই কোনো প্রাথমিক পদক্ষেপ নেওয়ার আগে আস্থার সংকট কাটানোর পদক্ষেপ দাবি করছে। ইতিহাস সাক্ষ্য দেয়, পারস্পরিক সমঝোতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে অতীতে এই সমস্যার সমাধান করা হয়েছিল। ২০১৩ সালে ইরান এবং পি৫+১ তথা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত ‘জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন’ (জেপিওএ) একটি অন্তর্বর্তী পদ্ধতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। যেখানে উভয়পক্ষই সীমিত ও পরিবর্তনযোগ্য পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। ইরান তার পারমাণবিক কর্মসূচির কিছু অংশের ওপর নিষেধাজ্ঞা মানতে সম্মত হয়; যেমন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রার ওপর সীমা নির্ধারণ এবং নজরদারি বৃদ্ধি; অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা সীমিত আকারে নিষেধাজ্ঞা শিথিল করে। এই দৃষ্টিভঙ্গি পরে ২০১৫ সালের ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন’ (জেসিপিওএ)-এ রূপ নেয়। ওই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর ৩ দশমিক ৬৭ শতাংশের একটি কঠোর সীমা নির্ধারণ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি প্রসারিত করা হয় এবং পারমাণবিক সীমাবদ্ধতা মেনে নেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
জেসিপিওএ বাস্তবায়িত হয়েছিল একটি নির্দিষ্ট ধাপভিত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। প্রথমে ২০১৫ সালের জুলাইয়ে চুক্তি স্বাক্ষর, এরপর অক্টোবরে ‘অ্যাডাপশন ডে’ বা গ্রহণযোগ্যতার দিন, এবং সবশেষে আইএইএ কর্তৃক ইরানের প্রাথমিক পারমাণবিক প্রতিশ্রুতি যাচাই করার পর ২০১৬ সালের জানুয়ারিতে ‘বাস্তবায়ন দিবস’ আসে। কেবল যাচাই সম্পন্ন হওয়ার পরেই বড় ধরনের নিষেধাজ্ঞা শিথিল করা শুরু হয়েছিল। এই অভিজ্ঞতার শিক্ষা এই নয় যে, পর্যায়ক্রমিক চুক্তিগুলো সবসময় ব্যর্থ হয়; বরং মূল শিক্ষা হলো টেকসই রাজনৈতিক নিশ্চয়তা ছাড়া কেবল পর্যায়ক্রমিক চুক্তিগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো সাম্প্রতিক বার্তাতেও এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়টি প্রতিফলিত হয়েছে। ওয়াশিংটন নতুন করে আলোচনা শুরু করার সদিচ্ছা প্রকাশ করলেও জোরালোভাবে জানিয়েছে যে, পারমাণবিক ইস্যুকে আলোচনার অংশ হিসেবে রাখতে হবে। তেহরান এর বিপরীতে বারবার বলে আসছে যে, বড় ধরনের আলোচনা সফল হওয়ার আগে ওপর থেকে চাপ কমাতে হবে। তাই উভয় রাজধানীর সামনে প্রশ্ন এটি নয় যে, কোনো সমঝোতা সম্ভব কিনা। আসল প্রশ্ন হলো, তারা এমন একটি প্রক্রিয়া তৈরি করতে পারবে কিনা, যেখানে এই সমঝোতা রাজনৈতিকভাবে টিকে থাকতে পারে। কৌশলগত লক্ষ্য অর্জনে কেবল চাপ প্রয়োগই একমাত্র পথ–মধ্যপ্রাচ্য এই ধারণার জন্য ইতোমধ্যে চড়া মূল্য পরিশোধ করেছে। সামরিক সংঘাত, অর্থনৈতিক বিঘ্ন এবং জ্বালানি ক্ষেত্রে অনিশ্চয়তা দ্বন্দ্বের সীমাবদ্ধতাগুলোকে স্পষ্ট করে তুলেছে।
আলি সারি: ইরানের সাবেক সংসদ সদস্য; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
মতামত