গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।
পরে যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁরা জনসাধারণের চলাচলের রাস্তা অবরোধ করেন, অগ্নিসংযোগ করেন এবং পুলিশ সদস্যদের সরকারি গাড়ির পথরোধ করে ঘিরে ফেলেন। দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অনুরোধ উপেক্ষা করে তাঁরা ভাঙচুর চালিয়ে একপর্যায়ে গাড়িটিতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন।
সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ার শেল ও ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
মতামত