ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমি এখন মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ, এ জন্য যোগদান করলাম।’
আজ শুক্রবার উপজেলা জামায়াতের মাসিক রোকন বৈঠকে সংগঠনে যোগ দেন তিনি। যোগদান শেষে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বৈঠকে উপজেলা জামায়াতের আমির মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ উপজেলার রোকন সদস্যরা।
এ বিষয়ে জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলী বলেন, ‘গত ১০ নভেম্বর সাদেকুল মাস্টার (সাদেকুল ইসলাম) ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা ছাড়া উনি আগে থেকেই ইসলামী মাইন্ডের ছিলেন। এ কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’
মতামত