পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা-মেয়েসহ তিনজন রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার ১৩ অক্টোবর
বিকেল ৩টার দিকে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী মাহমুদা আলম (৩০) ও তাঁর মেয়ে সমপ্রীতি (৯)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বোদা থানার ওসি (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে পুলিশ । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত