শীতের আগমনী বার্তায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে উঠতে শুরু করেছে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা চরাঞ্চল। হিমেল হাওয়া আর কুয়াশার চাদর নামার আগেই দূরদেশ থেকে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। তাদের ডানা ঝাপটানো, জলকেলি আর কলকাকলিতে মুখর হয়ে উঠেছে মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চরাঞ্চল।
কোথাও ঝাঁকে ঝাঁকে বালিহাঁসের বিচরণ, কোথাও পানকৌড়ির ডুবসাঁতার, আবার খাবারের সন্ধানে জলাশয়ের কিনারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বকের দল। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা।
বিশ্বের বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে তীব্র শীত এড়াতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে তারা বেছে নেয় বাংলাদেশের নদ-নদী, বিল, হাওর ও জলাভূমি। এরই ধারাবাহিকতায় এবার শীত মৌসুম শুরুর আগেই কয়রা উপজেলার বিভিন্ন জলাভূমিতে দেখা মিলছে অতিথি পাখির। বিস্তীর্ণ চরাঞ্চল ও জলাভূমিতে ইতোমধ্যে বক, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা শুরু হয়েছে।
সাধারণত বিলের পানি কমে গেলে অতিথি পাখির বিচরণ বাড়ে। তবে এবার কিছুটা আগেই তাদের উপস্থিতি চোখে পড়ছে। ভোরের আলো ফুটতেই খাবারের সন্ধানে জলাশয়, বিলের কিনারা ও আশপাশের ফসলি জমিতে জড়ো হচ্ছে পাখির ঝাঁক। দিনের বেশিরভাগ সময় জলাশয়ে খাবার সংগ্রহ ও বিশ্রামে কাটিয়ে বিকেলে আবার ফিরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে
প্রকৃতির এই সৌন্দর্য শুধু মানুষের চোখ জুড়াচ্ছে না, জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাখির উপস্থিতি একটি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও খাদ্যশৃঙ্খলের সুস্থতারও ইঙ্গিত বহন করে। অথচ অতিথি পাখির আগমনের সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠছে একশ্রেণির অসাধু শিকারি। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকায় জাল ও খাঁচা পেতে পাখি শিকার করা হচ্ছে। কোথাও আবার খাবারের প্রলোভন দেখিয়ে পাখি আটকে ফেলার চেষ্টা চলছে। এতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসা পরিযায়ী পাখিগুলো নতুন করে বিপদের মুখে পড়ছে।
পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন শাহীন বলেন, “পাখি প্রকৃতির অলংকার। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে পরিযায়ী পাখির বাংলাদেশে আগমন আমাদের পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ। এসব পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় ভূমিকা রাখে। পাশাপাশি জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়তা করে। তাই অতিথি পাখি শিকার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।”
পরিবেশবিদদের মতে, পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা শুধু বন্যপ্রাণী সংরক্ষণের বিষয় নয়, বরং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এজন্য কয়রার চরাঞ্চল ও জলাভূমিতে পাখি শিকার বন্ধে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়ন জরুরি।
মতামত