দ্বীপ উপজেলা সন্দ্বীপের ক্রীড়া ও বিনোদনপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ‘সন্দ্বীপ স্পোর্টস জোন’। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্পোর্টস জোনে থাকছে আন্তর্জাতিক মানের ফুটবল টার্ফ, ক্রিকেট টার্ফ ও ব্যাডমিন্টন কোর্ট।
১২/১১/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৮ টাই জমকালো
এক অনুষ্ঠানের মাধ্যমে সন্দ্বীপ স্পোর্টস জোনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আমজাদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসাইন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। সন্দ্বীপে এমন একটি আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, সন্দ্বীপ স্পোর্টস জোন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আক্তারুজ্জামান সুজন।
বিশেষ অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান সুজন বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সন্দ্বীপে আধুনিক ক্রীড়া ও বিনোদনকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তিনি এই উদ্যোগের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্পোর্টস জোনের উদ্যোক্তা সাইফুল আলম (আবীর), মুশফিকুর রহমান (হিমু) ও সাজিদুল মাওলা (সাজিদ)।
ডিজাইনারের বক্তব্যে ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান বলেন, সন্দ্বীপ স্পোর্টস জোনের নকশা ও অবকাঠামো পরিকল্পনায় আধুনিকতা, সৌন্দর্য এবং খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্পোর্টস জোন সন্দ্বীপের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য একটি আকর্ষণীয় ও মানসম্মত বিনোদনকেন্দ্র হয়ে উঠবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ স্পোর্টস জোনের ডিজাইনার এবং সুইট হোম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিনোদনপ্রেমী মানুষসহ মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
স্থানীয়দের প্রত্যাশা, সন্দ্বীপ স্পোর্টস জোনের এই নতুন যাত্রা দ্বীপের ক্রীড়া ও বিনোদন জগতে ইতিবাচক পরিবর্তন আনবে। পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ, সুস্থ বিনোদন নিশ্চিতকরণ এবং সন্দ্বীপের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত