লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ একটি মডেল খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করবেন। খালটি পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি খনন কার্যক্রমের প্রস্তুতি, প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের অবহেলিত ও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় চলতি বছর দেশের আটটি জেলায় ৩০টি খালকে মডেল প্রকল্প হিসেবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে লালমনিরহাটের মহেন্দ্রনগরের খালটি।
তিনি বলেন, এই প্রকল্পের উদ্দেশ্য শুধু খালের পানিপ্রবাহ ফিরিয়ে আনা নয়, বরং খালকে কেন্দ্র করে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা। এ লক্ষ্যে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ ও হাঁস চাষ এবং গবাদিপশুর খাদ্য উৎপাদনে ঘাস চাষের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের আয় বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রকল্পটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম পরিচালনায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে ২০ জনের একটি সমবায় সমিতি গঠনের পরিকল্পনাও রয়েছে। সমিতির সদস্যরা খালের পরিচর্যা, মাছ চাষ, হাঁস পালন ও বৃক্ষরোপণ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন। এতে প্রকল্প ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ততা বাড়বে এবং দীর্ঘমেয়াদে খালটির সুফল ধরে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেন্দ্রনগর ইউনিয়ন থেকে শুরু হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখননের পর তিস্তা নদীর সঙ্গে সংযুক্ত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে মন্ত্রী জানান, খাল খনন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী জেলার এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এ ছাড়া স্থানীয় সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর একটি কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
সামাজিক সংগঠনটির কার্যক্রম তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌতুক, মাদক, অনলাইন জুয়া ও নারীদের উত্ত্যক্ত করার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সংগঠনটির কর্মীরা বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন তাঁরা।
মন্ত্রীর দাবি, সংগঠনটির সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে অপরাধপ্রবণতা কমাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত অনেকেই অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠনের কার্যক্রম সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী সংগঠনটির আয়োজনে অংশ নেবেন।
খাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মতামত