নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে হাসপাতালে পরীক্ষায় তাদের ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১০টা ৩৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
এ সময় নওগাঁ সদর মডেল থানাধীন কেডি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম-দক্ষিণ পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের সিঁড়ির নিচে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ আল-আমিন (২৬), পিতা- মোঃ আব্দুল হামিদ, সাং- ইকরতারা, নওগাঁ সদর, নওগাঁ।
২। মোঃ মেজবাহ হোসেন মুরাদ (২৪), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- চকদেব পশ্চিমপাড়া, নওগাঁ সদর, নওগাঁ।
৩। মোঃ ইউসুফ আলী (২৪), পিতা- সিরাজুল ইসলাম, সাং- চকএনায়েত মাষ্টারপাড়া, নওগাঁ সদর, নওগাঁ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় উপস্থিত সাক্ষীদের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হলে আটক ব্যক্তিরা ইয়াবা ট্যাবলেট সেবনের বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেও তাদের ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হয়।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত