লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।নিহত হাবিবুর উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। সে খাতাপাড়া মাজার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে অটোরিকশায় করে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়েছিল হাবিবুর। গন্তব্যে পৌঁছানোর আগেই খাতাপাড়া মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আটক ট্রাকটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মতামত