কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক পণ্ড করেছে পুলিশ। এ সময় ধাওয়া করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া বওনাঘোনা এলাকায় মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন একটি মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়।
চকরিয়া থানা পুলিশের ৪ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের আড়ালে সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে সমবেত হয়েছেন। পুলিশের দাবি, বৈঠকে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতি ছিল। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতির উদ্দেশ্যে তাঁরা একত্রিত হয়েছিলেন বলে পুলিশের অভিযোগ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১টা ৪০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় ১০০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও ইটের টুকরা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়ার ঘটনা ঘটে। পরে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করেন।
পুলিশ জানায়, এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মোঃ নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটুকে (৪২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চকরিয়া থানার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ আবদুল আজিজ ও ওসি মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ আরও জানিয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মতামত