কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অপারেশন সাগর সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা, উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত