মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসমাতুল্লাহ (৪০) নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক হাসমাতুল্লাহ উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১২, ব্লক-এফ এলাকার বাসিন্দা। তিনি মোঃ আবুল বাশারের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ফারিরবিলের মিজানের ঘেরের পূর্ব পাশে বেড়িবাঁধে অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার দিক থেকে পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরবর্তীতে তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত