বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় দলীয় স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে পুরো শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন হাজী মো. আনোয়ারুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু।
লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল হক মনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দীর্ঘ ৪৮ বছরের সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা স্মরণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দিনটি ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মতামত