নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মহল্লা ও বাজারে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
গণসংযোগের অংশ হিসেবে ইকবাল হাসান শাহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন, তাঁদের খোঁজখবর নিচ্ছেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন। তাঁর এই গণসংযোগকে ঘিরে তেতুলিয়া ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
ইকবাল হাসান শাহর রাজনৈতিক পথচলা শুরু হয় ২০০৪ সালে তেতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে। পরে ২০১১ সালে পোরশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০১৭ সালে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইকবাল হাসান শাহ জানান, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন তিনি। তেতুলিয়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের ভাষ্য, ইকবাল হাসান শাহ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর গণসংযোগের বিষয়টি স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
তবে চেয়ারম্যান পদে তাঁর চূড়ান্ত প্রার্থিতা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত ও পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করছে।
মতামত