কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুডিটিক্কা/ইসলামনগর এলাকায় ব্যবসায়ী মৌলভী আইয়ুবের বাড়িতে ডাকাতি এবং তাঁর চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টার অভিযোগ ঘিরে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর আগে তাঁর স্ত্রীকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছিল। ধারাবাহিক এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
ভুক্তভোগী মৌলভী আইয়ুবের দাবি, তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগের প্রায় এক মাস পর গত ২২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নগদ তিন লাখ টাকার বেশি, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ফ্রিজ, জমি ও ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বিভিন্ন আসবাবপত্র লুট করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এর মাত্র তিন দিন পর, ২৫ অক্টোবর সকালে তাঁর চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টার অভিযোগ ওঠে। এতে আগের ঘটনার সঙ্গে নতুন ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অস্ত্র প্রদর্শন ও হুমকির অভিযোগ :
ঘেরে কর্মরত কর্মচারী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে স্থানীয় সাহেদ (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়া স্থানীয় দুই ব্যক্তির দাবি, সাহেদ দিনের বেলায় একটি চায়ের দোকানে ভারী অস্ত্র প্রদর্শন করে চিংড়ি ঘের দখল এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ-সংক্রান্ত ভিডিও প্রমাণ রয়েছে বলেও তাঁরা দাবি করেন।
তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত সাহেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তদন্তের দাবি, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ :
স্ত্রীকে মারধরের অভিযোগ, বাড়িতে ডাকাতি এবং চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, এসব ঘটনায় কারা জড়িত এবং নেপথ্যে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি অনুযায়ী অবৈধ অস্ত্রের বিষয়ে যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
কী বলছেন সংশ্লিষ্টরা :
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী (জামিল মিয়া) মুঠোফোনে বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন।
অন্যদিকে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে জানতে চাইলে তিনি জানান, থানায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নির্ধারণের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষের ।
স্থানীয়দের জোর দাবি--- ঘটনাগুলো বিচ্ছিন্ন, নাকি এর পেছনে কোনো যোগসূত্র রয়েছে, তা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসুক। অপরাধে জড়িত কিংবা ইন্ধনদাতা যে-ই হউক, যথাযথ প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক। একই সঙ্গে নিশ্চিত করা হউক ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার ।
মতামত