বন্যা ও নদীভাঙনে বিপর্যস্ত তিস্তাপারের মানুষের জীবন রক্ষা এবং জরুরি উদ্ধারকাজ পরিচালনার জন্য কেনা হয়েছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের দুটি আধুনিক মাল্টিপারপাস রেসকিউ বোট। কিন্তু চার বছরেও সেগুলো কাজে লাগানো যায়নি। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় বোট দুটিতে পানি ও পলি জমেছে। সাম্প্রতিক বন্যায় আংশিক ডুবে যাওয়া নৌযান দুটির মূল্যবান যন্ত্রাংশ চুরির আশঙ্কাও করছেন স্থানীয়রা।
লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগৎবেড় এলাকায় ৫ নম্বর স্পার বাঁধের পাশে নোঙর করে রাখা হয়েছে বোট দুটি। স্থানীয়দের অভিযোগ, একের পর এক বন্যা ও নদীভাঙনে মানুষ দুর্ভোগে পড়লেও উদ্ধারকাজে এগুলোর ব্যবহার দেখা যায়নি। ফলে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ সরকারি সম্পদটি এখন নিজেই ঝুঁকির মুখে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে তিস্তাপারের মানুষের জানমাল রক্ষার উদ্দেশ্যে ‘লালমনিরহাট বুড়িমারী-১’ ও ‘লালমনিরহাট বুড়িমারী-২’ নামে বোট দুটি বরাদ্দ দেওয়া হয়। বিশেষায়িত এসব নৌযান বন্যাকবলিত ও দুর্গম চরাঞ্চলে উদ্ধারকাজে ব্যবহারের কথা থাকলেও হস্তান্তরের পর থেকে দীর্ঘ সময় সেগুলো কার্যকরভাবে কাজে লাগানো হয়নি বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বোট দুটির ভেতরে পানি, কাদা ও পলি জমেছে। স্থানীয়দের ভাষ্য, মাঝেমধ্যে ইঞ্জিন সচল আছে কি না, তা পরীক্ষা করতে অল্প সময়ের জন্য বোট চালু করা হলেও পরে আবার আগের জায়গায় ফেলে রাখা হতো। এবারের বন্যায় নৌযান দুটি আংশিক তলিয়ে যাওয়ায় সেগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।
বন্যায় মানুষের দুর্ভোগ, কাজে আসেনি উদ্ধারকারী বোট
তিস্তাবেষ্টিত এই অঞ্চলে প্রতিবছর বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি এবং মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে উদ্ধারকারী বোট দুটি কার্যকর থাকলে দুর্গম চরাঞ্চলের মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি সহায়তা পৌঁছানো সহজ হতো বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
জগৎবেড় এলাকার বাসিন্দা ইসলাম আরী বলেন, বোট দুটি এনে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। এবারের বন্যায় সেগুলো পানিতে ডুবে গেছে। ভেতরে কাদা-মাটি জমে ইঞ্জিনও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কোনোভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে; বাঁধন ছিঁড়ে গেলে নদীতে ভেসে যেতে পারে। দ্রুত বোট দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা লোকমান আলী বলেন, বন্যার সময় মানুষকে উদ্ধার করা এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার আশায় বোট দুটি আনা হয়েছিল। কিন্তু কয়েক দফা বন্যা চলে গেলেও সেগুলোকে উদ্ধারকাজে ব্যবহার করতে দেখা যায়নি। এখন নৌযান দুটি ডুবে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের সম্পদ এভাবে নষ্ট না করে প্রয়োজনীয় এলাকায় কাজে লাগানোর ব্যবস্থা করা উচিত।
রক্ষণাবেক্ষণে জনবলসংকট
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের ভাষ্য, বোট দুটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা এবং কার্যকর ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এ কারণে জেলা পর্যায়ে তাৎক্ষণিকভাবে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এবারের বন্যায় বোট দুটি আংশিক তলিয়ে গিয়েছিল। এগুলোর পাহারা ও দেখভালের দায়িত্বে থাকা দুই কর্মচারীর বেতন-ভাতার মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে নিয়মিত রক্ষণাবেক্ষণে ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। শিগগিরই বোট দুটির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্যোগ মোকাবিলায় সরকারি অর্থে কেনা গুরুত্বপূর্ণ নৌযান দুটি সচল রাখা এবং প্রয়োজনের সময় ব্যবহার নিশ্চিত করা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত বোট দুটি উদ্ধার, প্রয়োজনীয় মেরামত, নিরাপদ স্থানে সংরক্ষণ এবং নিয়মিত পরিচালনার ব্যবস্থা করা না হলে বিপুল সরকারি অর্থে কেনা সম্পদটি পুরোপুরি অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মতামত