নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন জামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গত ৯ অক্টোবর বিকেলে জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি। গণসংযোগে তার সঙ্গে সোনারগাঁ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রবীণ ও নবীন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান মামুন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এই নেতা ঢাকা মহানগর জাগ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় প্রবীণ রাজনীতিবিদদের মতে, মোস্তাফিজুর রহমান মামুন দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা সোনারগাঁয়ের রাজনীতিতে আলোচনায় রয়েছে।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মামুনের জামপুর ইউনিয়নে এই গণসংযোগ স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের খোঁজখবর নেওয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ।
মতামত