‘মাদক ছাড়ো, খেলাধুলা ধরো’ এবং ‘মাদকমুক্ত দেশ গড়ি, তরুণ সমাজ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসায় সহায়তার জন্য অনুষ্ঠিত হয়েছে গোডাউন বাজার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার সময় সদর উপজেলার ২ নং মালিবাড়ী ইউনিয়নের বারবলদিয়া গোডাউন বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে জমে ওঠে রাতের ফুটবল ম্যাচ।
টুর্নামেন্টের আয়োজক গোডাউন বাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন খিদির শরীফ আল-ওয়াহেদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার বর্মন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের কোনো বিকল্প নেই। পাশাপাশি অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই আয়োজনের মাধ্যমে তরুণরা যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে রতন কুমার বর্মন বলেন, “শুধু বিনোদনের জন্য নয়, মানুষের কল্যাণেও খেলাধুলাকে কাজে লাগানো যায়। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণ প্রজন্ম চাইলে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, খেলাধুলার পাশাপাশি মানবিক সহায়তার এমন আয়োজন সমাজে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতামত