নওগাঁর পত্নীতলায় ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তন্ময় মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিডাঙ্গা মোড়ের বটগাছের নিচে পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন হিসেবে তন্ময় মন্ডলকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে। পরে তার হেফাজতে থাকা ৭০ (সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক তন্ময় মন্ডলের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
মতামত