আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় নওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার বিভিন্ন পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল, দর্শনার্থীদের নিরাপত্তা এবং পূজা চলাকালীন সম্ভাব্য বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজা আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দুর্গাপূজাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে কোনো ধরনের সমস্যা, সন্দেহজনক ঘটনা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।
সভায় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসারসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মতামত